প্রিন্ট এর তারিখঃ Oct 30, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jul 6, 2026 ইং
কোটালীপাড়ায় গাছচাপায় একজনের মৃত্যু

গোপালগঞ্জের কোটালীপাড়ায় গাছচাপায় অসীম (২৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রবিবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের পাখরপাড় গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত অসীম বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার বিকাল গ্রামের বাসিন্দা। তিনি ‘শ্রী শ্রী নরোত্তম ব্রজবাসী সেবা আশ্রমে’র সেবায়েত ছিলেন।
প্রত্যক্ষদর্শী আশ্রমের সেবায়েত স্বপন দাস জানান, রবিবার বিকালে আশ্রমের কিছু গাছ কাটা হয়। পরে একটি বড় গাছ ৪ জনে ঘাড়ে করে সরিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। একপর্যায়ে গাছটি ফেলার সময় সামনের ৩ জন দ্রুত সরে যান। অসিম সময়মতো সরতে পারেননি। এতে তিনি গাছের নিচে চাপা পড়ে মাথায় গুরুতর আঘাত পান। তাকে দ্রুত উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এই কর্মকর্তা জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান ওই কর্মকর্তা।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV